দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বিজিবি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাঁচবিবি উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তর, বিজিবির বাস্তবায়নে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান, বিজিবিএম, এমপিবিজিএম, পিএসসি। এ সময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম, পিবিজিএমএসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে পাঁচবিবির সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। স্থানীয়ভাবে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সীমিত এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের অগ্রাধিকার দিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ৭ শতাধিক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকার অনেক মানুষের জন্য দূরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও ওষুধ কেনা ব্যয়সাপেক্ষ। বিজিবির উদ্যোগে নিজ এলাকার কাছাকাছি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
বিজিবি কর্মকর্তারা বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের কল্যাণে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনার অংশ হিসেবেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো বিজিবির মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে এ ধরনের চিকিৎসাসেবা, মানবিক সহায়তা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির এমন উদ্যোগে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

