ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

শাহজালালে চার অভিযানে ৪৩ লাখ টাকার পণ্য জব্দ, ট্রলির গোপন কুঠুরিতে ১৩৩ গ্রাম স্বর্ণ

সজল, ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১১:৪৮ এএম

শাহজালালে চার অভিযানে ৪৩ লাখ টাকার পণ্য জব্দ, ট্রলির গোপন কুঠুরিতে ১৩৩ গ্রাম স্বর্ণ

ছবিঃ সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক চারটি অভিযানে ট্রলির গোপন কুঠুরি ও লাগেজে লুকিয়ে আনা স্বর্ণ, ওষুধ, বিদেশি মদ, সিগারেট ও প্রসাধনী জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৮৮ হাজার টাকা। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন বিদেশি সিগারেট, ৩১ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ।

কাস্টমস গোয়েন্দারা জানান, যাত্রীদের গতিবিধি, ভ্রমণ-সংক্রান্ত তথ্য ও সন্দেহজনক লাগেজের ওপর নজরদারির ভিত্তিতে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন কৌশলে পণ্যগুলো গোপন করে দেশে আনার চেষ্টা ধরা পড়ে।

 

ট্রলির গোপন কুঠুরিতে স্বর্ণ ও ওষুধ

সিআইআইডি জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইনসের UL189 ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় আসেন পারভেজ নামের এক যাত্রী। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে তাঁর ট্রলি ও লাগেজে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রলির বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই যাত্রীর লাগেজ থেকে পাওয়া যায় ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ। অনুমোদনহীনভাবে আনা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

ব্যাগে মিলল বিদেশি মদ

অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে আসা জনি নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬ লিটার ‘GRANTS’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, শুল্ক ও আমদানি-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ না করে বিদেশি মদ দেশে আনার চেষ্টা করা হলে তা আইন অনুযায়ী জব্দযোগ্য।

সিগারেট ও পাকিস্তানি সিরাম উদ্ধার

এ ছাড়া এমিরেটসের EK0586 ফ্লাইটে আসা মিজানুর নামের এক যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২৯ কার্টন বিদেশি সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি সিরাম উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

একই দিনের অপর একটি অভিযানে সোমা বেগম নামের এক নারী যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৩০ কেজি আমদানি নিষিদ্ধ ‘গৌরি’ ক্রিম উদ্ধার করা হয়। জব্দ করা ক্রিমের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

চোরাচালান ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর দিয়ে অবৈধ ও নিষিদ্ধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত নজরদারি, যাত্রী প্রোফাইলিং এবং ঝুঁকিভিত্তিক তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে গোপন কুঠুরি, ডাবল লেয়ার লাগেজ কিংবা অন্যান্য কৌশলে পণ্য লুকিয়ে আনার প্রবণতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, একদিকে চোরাচালান রোধ, অন্যদিকে বৈধ আমদানি ও যাত্রীসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিমানবন্দরে কাস্টমসের নজরদারি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অবৈধভাবে পণ্য আনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিআইআইডি জানিয়েছে, বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!