২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আমদানি-রপ্তানি বাণিজ্যে মন্দা, ডলার সংকট, এলসি খোলায় জটিলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
ভোমরা কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৪ কোটি ৮৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা, যা লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ৯৬ শতাংশ। ফলে নির্ধারিত লক্ষ্যের প্রায় অর্ধেক রাজস্বই আদায় করা সম্ভব হয়েছে।
বন্দর সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি, দ্বিপক্ষীয় বাণিজ্যিক টানাপোড়েন এবং শুল্কায়ন কাঠামোর পরিবর্তনের কারণে আমদানি কমে গেছে। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদহার, এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা এবং ডলার সংকট ব্যবসায়ীদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, নানা সংকটে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসা কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
ভোমরা কাস্টম হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, রাজস্ব আহরণ মূলত আমদানি-রপ্তানির ওপর নির্ভরশীল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন রাজস্ব আহরণ কৌশল প্রণয়ন করা হচ্ছে। নতুন বাজেটের আওতায় ব্যবসাবান্ধব উদ্যোগের পাশাপাশি রাজস্ব বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

