ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফেরার অনুমতি, পাবনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফেরার অনুমতি, পাবনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শোকজ

ছবিঃ সংগৃহীত

ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে সাময়িক বরখাস্ত হওয়া এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরে দায়িত্ব পালন ও হাজিরা খাতায় সই করার অনুমতি দেওয়ার অভিযোগে পাবনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীরের স্বাক্ষরিত এক পত্রে এ শোকজ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, পাবনা সদর উপজেলার দড়িভাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ায় গত ৯ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্তের পরও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতিতে তিনি বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং হাজিরা খাতায় স্বাক্ষর করে আসছিলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপুকে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ জুন বরখাস্ত হয়েও দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।

শোকজের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপু বলেন, “স্যার (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) আমাকে এমনি এমনিই অনেক শোকজ করেন। এই শোকজটি অন্যায়ভাবে করা হয়েছে।” পরে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, “উপজেলা শিক্ষা কর্মকর্তা এ ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার রাখেন না। তাই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!