ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাচালানকারী আটক

সজল, ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৬:২০ পিএম

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাচালানকারী আটক

ছবিঃ সংগৃহীত

যশোরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা মূল্যের সাড়ে চারটি স্বর্ণের বারসহ এক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম সুমন মন্ডল (৪০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মন্ডলের ছেলে।

রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ভোরে নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে সুমন মন্ডলকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরের বিশেষ স্থানে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৪টি সম্পূর্ণ এবং ১টি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬৮০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন মন্ডল বিজিবিকে জানান, তিনি ঢাকায় একটি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। পরে সেগুলো যশোর হয়ে সীমান্তবর্তী বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তবে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই এবং এ চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তপথে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংঘবদ্ধ চোরাচালান চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আটক সুমন মন্ডলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!