অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এক পথচারী রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রীর গাড়ি। পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে পাশের ফসলের মাঠে পড়ে যায়।
স্থানীয় পথচারী ও লোকজন দ্রুত এগিয়ে এসে গাড়িটি উদ্ধার করে সড়কের উপরে তোলেন। এ ঘটনায় প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন।
প্রতিমন্ত্রী দুই দিনের সরকারি সফরে জয়পুরহাট যাচ্ছিলেন। পরে তাঁকে কালাই পৌর শহরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন। গাড়ির চালকও এ ঘটনায় আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। গাড়িটি রাস্তা থেকে ফসলের মাঠে পড়ে স্থির হয়ে যায়। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন।

