দায়িত্ব গ্রহণের পরেই গাইবা সাঘাটা-গোবিন্দগঞ্জ সড়কে একমাত্র সংযোগস্থল আমতলী সড়কটির ত্রিমোহিনী সেতু পর্যন্ত পাকা করণের উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় উক্ত সড়ক পুননির্মাণ ও পাকাকরণের প্রকল্পটি আজ রোববার (২৩ আগস্ট) অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে ২০১৪ সালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের মাঝে কাটাখালী নদীর উপর প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটির উত্তর পূর্বে সাঘাটা উপজেলা অংশে সড়ক পুনঃনির্মাণ ও পাকাকরণ সম্পন্ন হলেও দক্ষিণ-পশ্চিমে গোবিন্দগঞ্জ অংশে সড়ক পুনঃনির্মাণ করা হয়নি। সংযোগ সড়ক পুনঃনির্মাণ ও পাকা করনের অভাবে দীর্ঘদিনের প্রত্যাশিত সেতুটি নির্মাণ হলেও যোগাযোগ শুরু হয়নি দুই উপজেলাবাসীর। মাত্র তিন

কিলোমিটার সড়কের অভাবে বগুড়া সহ রাজধানীতে যাতায়াতের জন্য দীর্ঘ প্রায় ৭০ কিলোমিটার ঘুরে গোবিন্দগঞ্জ মহাসড়কে সংযোগে স্থাপন করে এখানকার মানুষ। গাইবান্ধা বাসীর দাবির প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন সড়কটি পুনঃনির্মাণ ও পাকা করণের উদ্যোগ নেন। গত শনিবার তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রোববার ওই সড়ক নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। এ সংবাদ প্রচারিত হওয়ার পর এলাকার লোকজনের প্রশংসায় ভাসছেন মন্ত্রী লিংকন। সাঘাটার বোনারপাড়া এলাকার ব্যবসায়ী জিয়াউল করিম মিঠু বলেন, একটি সংযোগ সড়কের অভাবে আমরা গোবিন্দগঞ্জের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি না। মন্ত্রী সাহেবের উদ্যোগে সড়কটি পাকা করণ হলে দুই উপজেলা বাসীর প্রাণের দাবি পূরণ হবে। একই কথা জানিয়ে ত্রিমোহিনী এলাকার বাসিন্দা আবু বক্কর ও জাহিদুল ইসলাম বলেন, এখন মানুষের কষ্ট লাঘব হবে। আর ঘুরে যেতে হবে না আমাদের। সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, দীর্ঘদিনের কষ্টের ফসল হিসেবে আমরা সেতুটি নির্মাণ হলেও সড়ক ছিল না। এখন সড়ক নির্মাণ ও পাকা করন হলে সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

