ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

"প্রয়াত বাবলুকে স্মরণে দাশুড়িয়ায় বিএনপির আবেগঘন স্মরণসভা"

নিজস্ব প্রতিবেদক | ঈশ্বরদী, পাবনা

প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ১০:২০ এএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি এবং ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সফল সাবেক মেয়র মরহুম মকলেছুর রহমান বাবলু-এর স্মরণে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাশুড়িয়া ইউনিয়ন এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জননেতা হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম মকলেছুর রহমান বাবলু ছিলেন একজন নিবেদিতপ্রাণ, জনবান্ধব ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দলীয় সংকটময় সময়ে তিনি বিএনপির আদর্শ ও সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঈশ্বরদীর উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বাবলুর আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক সততা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয়। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি বলেন, মরহুম মকলেছুর রহমান বাবলু শুধু একজন সফল মেয়রই ছিলেন না, তিনি ছিলেন তৃণমূলের মানুষের আস্থার প্রতীক। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, আবু ওবাইদা শেখ তুহিন এবং নুর মোহাম্মদ মাসুম বগা।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা এবং পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুন নবী স্বপন।

বক্তারা মরহুম মকলেছুর রহমান বাবলুর রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড, দলীয় নেতৃত্ব এবং ব্যক্তিগত সততা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় এবং বিএনপির রাজনীতিতে তিনি একজন স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ, জাতি এবং বিএনপির সমৃদ্ধি কামনাও করা হয় দোয়া মাহফিলে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম (তুহিন)।

স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুম মকলেছুর রহমান বাবলুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ত নেতৃত্ব এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!