ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, ডিলার গ্রেপ্তার

গাবতলী প্রতিনিধি, আমিনুল আকন্দ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৫:২২ পিএম

গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, ডিলার গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে আব্দুর রশিদ নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ না করেই চাল বিতরণের নামে একটি ভুয়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুর রশিদকে আটক করা হয়।
জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে নির্ধারিত পরিমাণ চাল পাওয়ার কথা সুবিধাভোগীদের। কিন্তুু  ওই ডিলারের বিভিন্ন অনিয়ম খবর পায় প্রশাসন।
সোমবার অনিয়মের অভিযোগের ভিত্তিতে পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় তার সঙ্গে পুলিশ সদস্যরাও ছিলেন।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে ভুয়া নামের তালিকা তৈরির অভিযোগে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!