ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

গাবতলীর কোলারবাড়ীতে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

গাবতলী প্রতিনিধি, আমিনুল আকন্দ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৬:০৬ পিএম

গাবতলীর কোলারবাড়ীতে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের কোলারবাড়ী পূর্বপাড়ার পাল্লি বিল পাতারে একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরচাষি ও মালিক।

পুকুরচাষি পিন্টু, মৃত শামসুল হক আকন্দের ছেলে, জানান, একই গ্রামের ফজলু, পিতা—ফয়জাল প্রাং-এর ৪৮ শতক পুকুর ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

পুকুরের দেখাশোনার দায়িত্বে থাকা রাজু, পিতা—আকসার জানান, গত ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত তিনি পুকুর পাহারা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকালে মাছকে খাবার দিতে এসে পুকুরের পানিতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পিন্টুকে জানান। পিন্টু ঘটনাস্থলে এসে পুকুরের মালিককে খবর দেন। পরে পুকুরের মালিকও ঘটনাস্থলে এসে মৃত মাছ দেখতে পান।

পিন্টু ও পুকুরের মালিকের দাবি, পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে কেউ পরিকল্পিতভাবে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

স্থানীয়দের বক্তব্য, সকালে পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠার বিষয়টি দেখে তারা ঘটনাস্থলে যান। তাদের ধারণা, পুকুরের পানিতে কোনো বিষাক্ত পদার্থ প্রয়োগের কারণেই মাছগুলো মারা যেতে পারে। তবে প্রকৃতপক্ষে কীভাবে মাছ মারা গেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানান তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুকুরচাষি। তবে অভিযোগের সত্যতা, মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!