ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ক্ষতিকর প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৪৯ এএম

ক্ষতিকর প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএর

ছবিঃ সংগৃহীত

হেডিং:

ক্ষতিকর প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএর

নিজস্ব প্রতিবেদক:
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) পাওয়ায় দেশের তিনটি প্রতিষ্ঠানের তিনটি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএফএসএ জানায়, পরীক্ষাগারে খাদ্যপণ্যের নমুনা বিশ্লেষণে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট তিনটি পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যগুলো হলো:
ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার থেকে এসব খাদ্যপণ্য তুলে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পণ্যগুলোর উৎপাদন ও বিপণন বন্ধ রাখতে হবে। একই সঙ্গে ভোক্তাদের এসব খাদ্যপণ্য ক্রয়, বিক্রয় কিংবা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএফএসএ।

সংস্থাটি জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে নিয়মিত নজরদারি ও খাদ্যপণ্যের মান পরীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো খাদ্যপণ্যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৩ জুলাই গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে। ওই অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধি নিয়ে নানা অসঙ্গতি ধরা পড়েছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্য দীর্ঘদিন গ্রহণ করলে লিভার, কিডনি ও পরিপাকতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই প্যাকেটজাত খাদ্য কেনার আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য, উপাদান ও মেয়াদোত্তীর্ণের তারিখ ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে বিএফএসএ জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে অন্যান্য খাদ্যপণ্যের নমুনাও পরীক্ষা করা হবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!