ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) হামলার খবর প্রকাশের পর ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরো (প্রায় ৫২ দশমিক ৫ ডলার) হয়েছে। আগের দিনের দরপতনের পর এদিন বাজারে শক্তিশালী ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, কাতার থেকে আসা এলএনজি পরিবাহী জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করায় সেটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে বলে বিশ্লেষকদের অভিমত।

