র্যাব-২ এর অভিযানে আটক; ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরম (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৪ জুলাই) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার (৫ জুলাই) রাতে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের তথ্য অনুযায়ী, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ অপরাধী।
র্যাব আরও জানায়, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা, চোরাই মালপত্র সংরক্ষণ ও মাদক-সংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় একটি মাদক মামলা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

