ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, ঢাকায় রেফার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:৫৫ এএম

চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, ঢাকায় রেফার্ড

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতা জাহিন শেখকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর ক্ষত সৃষ্টি হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত দুজনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

দৈনিক আজ ও আগামীকাল

অপরাধ থেকে আরও পড়ুন

banner
Link copied!