ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

নরওয়ের বিপক্ষে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনিসিয়ুসকে, ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৫:৫৮ পিএম

নরওয়ের বিপক্ষে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনিসিয়ুসকে, ইঙ্গিত আনচেলত্তির

ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, "নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।" তার এই মন্তব্যে নরওয়ের বিপক্ষে নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনাও জোরালো হয়েছে।

কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি নেইমার। পরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ১৫ মিনিট মাঠে নামেন। জাপানের বিপক্ষেও তাকে ওয়ার্মআপ করতে দেখা গেলেও বদলি হিসেবে মাঠে নামার সুযোগ হয়নি।

অন্যদিকে, ভিনিসিয়ুস জুনিয়রের ভূমিকা নিয়েও কথা বলেন আনচেলত্তি। তিনি জানান, ভিনিসিয়ুসকে নির্দিষ্ট কোনো পজিশনে সীমাবদ্ধ রাখতে চান না। ম্যাচের প্রয়োজন অনুযায়ী উইং কিংবা আক্রমণের বিভিন্ন জায়গায় তাকে ব্যবহার করা হবে।

আনচেলত্তি বলেন, "ভিনি অনেক দিন ধরেই নিজের খেলার অবস্থান পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন ব্রাজিলেও সে দারুণ খেলছে। সে প্রতিপক্ষকে বিভ্রান্ত রাখতে পারে, অ্যাসিস্ট করতে পারে এবং গোলও করতে পারে।"

এবারের বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র। আর ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরছেন নেইমার। ফলে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এই দুই তারকা একসঙ্গে খেললে ব্রাজিলের আক্রমণভাগ আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!