ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ব্রাজিলকে ভালোবাসেন হালান্ড, মাঠে ছাড় নয়

ব্রাজিলকে ‘ভালোবাসি’, তবু নকআউটে সাম্বাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত হালান্ডের নরওয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৫:৩৪ পিএম

ব্রাজিলকে ‘ভালোবাসি’, তবু নকআউটে সাম্বাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত হালান্ডের নরওয়ে

ছবিঃ সংগৃহীত আলোচনায় হালান্ড

 ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। মহাগুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচের আগে প্রতিপক্ষ ব্রাজিলের ভূয়সী প্রশংসা করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। একই সঙ্গে লাতিন আমেরিকার দেশটির প্রতি নিজের ভালোবাসার কথাও অকপটে জানিয়েছেন তিনি।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নরওয়ে। তবে নকআউটে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের কঠিন পরীক্ষার মুখে দেখছেন হালান্ড।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রকাশিত এক বক্তব্যে হালান্ড বলেন, "ব্রাজিলে সবসময়ই অসাধারণ সব ফুটবলার ছিল। তাই তাদের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু হতে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "ব্রাজিল একটি দারুণ সুন্দর দেশ। আপনি যখন ব্রাজিল, তখন আপনার দলে বিশ্বের সেরা খেলোয়াড়রাই থাকা উচিত। আমি ব্রাজিলকে ভালোবাসি।"

যদিও হালান্ড ব্রাজিলকে সমীহ করছেন, ইতিহাস কিন্তু নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের এখন পর্যন্ত চারটি মুখোমুখি লড়াইয়ে একবারও হারেনি নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর পাশাপাশি ১৯৮৮ ও ১৯৯৭ সালের দুটি প্রীতি ম্যাচেও জয় পেয়েছিল তারা। ২০০৬ সালে সর্বশেষ সাক্ষাৎটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এদিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নরওয়ের সমর্থকদের ব্যতিক্রমী উদযাপন ‘ভাইকিং রো’। নিউইয়র্কের টাইমস স্কয়ার থেকে শুরু করে সাবওয়ে, শহরের ব্যস্ত সড়ক এমনকি নরওয়ের জাতীয় সংসদেও দেখা গেছে এই অভিনব সমর্থন।

‘ভাইকিং রো’ মূলত প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংদের লংশিপে বৈঠা চালানোর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত একটি সমবেত উদযাপন। নরওয়েজিয়ান সমর্থকেরা মনে করছেন, এটি তাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও লড়াকু মানসিকতার প্রতীক।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে এবার হালান্ডের নেতৃত্বে ব্রাজিলের বিপক্ষে ইতিহাস ধরে রাখার স্বপ্ন দেখছে। অন্যদিকে রেকর্ড ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাম্বার দেশ। ফলে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন বিশ্বকাপের অন্যতম জমজমাট এই লড়াইয়ের দিকে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!