রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এ ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু।
জানা গেছে, শাকিবুল ইসলাম শাকিব ভোলা জেলার দৌলতখান উপজেলার কলেজ রোড এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি উত্তরখান এলাকায় বসবাস করতেন। অপরদিকে রবিউল ইসলাম রাজু গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। তিনি উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই সাংবাদিকের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুই সংবাদকর্মীর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে বেপরোয়া যানবাহন চলাচল, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্যের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, চালকদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সড়ক ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার জরুরি বলে মনে করছেন তারা।

