ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

পঞ্চদশ সংশোধনী নিয়ে দ্বিতীয় দিনের শুনানি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের দাবি, ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহালের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:০৬ পিএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের দাবি, ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহালের আহ্বান

ছবিঃ সংগৃহীত

আপিল বিভাগে শুনানিতে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় প্রণীত সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রেখে ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি জানিয়েছেন আপিলকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

ড. শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী অত্যন্ত অস্বচ্ছ প্রক্রিয়ায় প্রণয়ন করা হয়েছিল এবং এর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই এই সংশোধনীর সম্পূর্ণ অংশ বাতিল হওয়া উচিত।

তিনি তার বক্তব্য শেষ করার পর আপিলের পক্ষভুক্ত অন্য আইনজীবীরা আদালতে তাদের আইনি যুক্তি উপস্থাপন শুরু করেন।

এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হলেও কিছু সাংবিধানিক ও আইনি জটিলতা থেকে যায়। সেই জটিলতা নিরসন এবং পুরো সংশোধনী বাতিলের দাবিতে পরে আপিল বিভাগে পৃথক তিনটি আপিল করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!