ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

menu

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা, বীর শহীদদের প্রতি গভীর সম্মান নিবেদন

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:২০ পিএম

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা, বীর শহীদদের প্রতি গভীর সম্মান নিবেদন

ছবিঃ সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। একই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!