ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বন্যা ও প্রশ্নপত্র বিতর্কে উত্তাল দেশ, ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষার আশ্বাস শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৫ পিএম

বন্যা ও প্রশ্নপত্র বিতর্কে উত্তাল দেশ, ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষার আশ্বাস শিক্ষামন্ত্রীর

ছবিঃ সংগৃহীত

বন্যা পরিস্থিতির মধ্যেও এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ, বিভিন্ন প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যেসব পরীক্ষাকেন্দ্রে বন্যা, প্রশাসনিক ত্রুটি বা অন্য কোনো কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

বন্যা পরিস্থিতি বিবেচনায় ছিল সরকার

শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল। সংশ্লিষ্ট আবহাওয়া সংস্থাগুলোর অনুকূল পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতির অবনতি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম মনিটরিং করেছে।

তিনি জানান, দেশের যেসব পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পানি প্রবেশ করেছে, সেসব স্থানে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ

কুমিল্লাসহ বন্যাকবলিত কয়েকটি জেলার পরিস্থিতির উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রশাসনিক গাফিলতি বা অনিবার্য কারণে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হন, তবে বিষয়টি তদন্ত করে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, শিক্ষা বোর্ডগুলোর কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ পরিস্থিতিতে যেভাবে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, একই ধরনের প্রয়োজন দেখা দিলে অন্য বোর্ডেও পুনঃপরীক্ষা আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান

শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষাজীবন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্দোলনের পরিবর্তে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানাই। সরকার তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরও বলেন, দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং যেসব শিক্ষার্থী বাস্তবিক অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!