ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন, সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:১৬ এএম

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন, সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

ছবিঃ সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। যদিও শুরুতে ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, বিরোধী দল সদস্যদের নাম না দেওয়ায় ১২ সদস্য নিয়েই কমিটি গঠন করা হয়।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ সংরক্ষিত রাখা হয়েছিল। এ জন্য বিরোধী দলকে সদস্যদের নাম দিতে অনুরোধ করা হলেও তারা কোনো নাম দেয়নি। সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছে।

নবগঠিত বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

কমিটির অন্য সদস্যরা হলেন— চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

সংসদের কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সংবিধান সংশোধন-সংক্রান্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!