সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ কিংবা পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না—এমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী রায় বাতিল করে রাষ্ট্রের আপিল মঞ্জুর করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। পরে ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।
২৫ বছরের শর্ত কেন গুরুত্বপূর্ণ
রায়ে আপিল বিভাগ বলেন, সরকারি চাকরি শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি একটি সুসংগঠিত পেশা, যেখানে দীর্ঘমেয়াদি অঙ্গীকার, শৃঙ্খলা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আদালতের মতে, ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই পেনশন সুবিধা দেওয়া হলে সরকারি চাকরির স্থিতিশীলতা ও প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অকাল পদত্যাগ বাড়ার আশঙ্কা
আপিল বিভাগ পর্যবেক্ষণে আরও বলেন, নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করেও যদি পূর্ণ পেনশন ও অবসর সুবিধা পাওয়া যায়, তাহলে অনেক কর্মকর্তা সরকারি চাকরিকে কেবল অভিজ্ঞতা বা প্রশিক্ষণ অর্জনের একটি সাময়িক মাধ্যম হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দিতে উৎসাহিত হতে পারেন।
এতে অকাল পদত্যাগের প্রবণতা বাড়বে, জনবল পরিকল্পনা ব্যাহত হবে এবং অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই ২৫ বছর চাকরির শর্তকে প্রশাসনিক শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি কর্মনিষ্ঠা নিশ্চিত করার একটি যৌক্তিক নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন আপিল বিভাগ।
যে মামলার প্রেক্ষাপটে রায়
মামলার নথি অনুযায়ী, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে তিনি পেনশন ও আনুতোষিকের আবেদন করলে কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে জানায়, পদত্যাগের কারণে পূর্বের চাকরিকাল পেনশনের জন্য গণ্য হবে না এবং ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।
এরপর তিনি ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। ২০২১ সালে হাইকোর্ট বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধি ৩০০ (এ)-এর সংশ্লিষ্ট অংশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে তাকে পেনশনসহ অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেন।
কিন্তু রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রের আপিল মঞ্জুর করেন। ফলে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় অবসর বা পদত্যাগ করলে পেনশন না পাওয়ার বিধান বহাল থাকল।
এদিকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মাহবুব মোরশেদ জানিয়েছেন, রায়ের অনুলিপি পর্যালোচনা করে প্রয়োজন হলে তিনি রিভিউ আবেদন করবেন।

