ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৬:০৭ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ছবিঃ সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া একই সময়ে ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন দ্রুত বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই বাসাবাড়ি, অফিস এবং আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!