ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

menu

পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:২৪ এএম

পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একই সময়ে বিভিন্ন শ্রেণির অন্তত ২৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরে অসুস্থ ছাত্রীদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রী মাথাব্যথা ও অসুস্থতার কথা জানাতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।

আগের দিনও অসুস্থ হয়েছিল কয়েকজন

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্কুল চলাকালে একজন ছাত্রী সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে শিক্ষক কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয় এবং পরিবারের কাছে পাঠানো হয়।

এর কিছুক্ষণ পর আরও কয়েকজন ছাত্রী মাথাব্যথাসহ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা সতর্ক হওয়ার পরদিন বুধবারও একই ধরনের ঘটনা ঘটে।

তিনি বলেন, বুধবার স্কুল চলাকালে হঠাৎ বিভিন্ন শ্রেণির আরও ১৮ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ২৫ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাথাব্যথার পর জ্ঞান হারানোর দাবি

অসুস্থ হওয়া অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল রওজা জান্না জানায়, স্কুলে আসার পর থেকেই তার মাথাব্যথা শুরু হয়। প্রথম ক্লাস করার পর মাথাব্যথা বেড়ে গেলে সে বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কী হয়েছে, তা সে বলতে পারেনি।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসও স্কুলে থাকাকালে মাথাব্যথা হওয়ার কথা জানায়। তবে কী কারণে এমন হয়েছে, তা সে বলতে পারেনি।

প্রধান শিক্ষকের মেয়েও অসুস্থ

একসঙ্গে বিভিন্ন শ্রেণির এতসংখ্যক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মেয়েও রয়েছে বলে জানা গেছে।

তবে একই সময়ে একাধিক ছাত্রী মাথাব্যথা ও অসুস্থতায় আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতালে পরীক্ষায় গুরুতর শারীরিক সমস্যা পাওয়া যায়নি

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, বুধবার বিকেলে একসঙ্গে প্রায় ২৫ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষায় তেমন কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি।

তিনি জানান, এরই মধ্যে অনেক ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দু-একজনের সমস্যা তুলনামূলক বেশি থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের অসুস্থতা মনস্তাত্ত্বিক কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন গুরুত্বপূর্ণ।

কারণ জানতে উদ্বিগ্ন অভিভাবকরা

একই বিদ্যালয়ে অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন শ্রেণির এত ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো শারীরিক সমস্যা পাওয়া না যাওয়ায় আপাতত আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে কেন একসঙ্গে এত ছাত্রী মাথাব্যথা ও অসুস্থতার কথা জানিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত কারণ পাওয়া যায়নি। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!