ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

অতীতের ভুল নিয়ে শাকিবের আক্ষেপ, ‘নিভৃতে নিজের সঙ্গে বসলে পীড়া দেয়’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

অতীতের ভুল নিয়ে শাকিবের আক্ষেপ, ‘নিভৃতে নিজের সঙ্গে বসলে পীড়া দেয়’

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নানা সময়ে আলোচনায় এসেছে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা ঘটনা ও ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

জীবনে কোনো ভুল করেছেন কি না—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন। তবে সেসব ভুলের বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

শাকিব বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।’

কেন এসব ভুল হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই যে—কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’

অতীতের সেই ভুলগুলো তাকে এখনো ভাবায় জানিয়ে শাকিব খান বলেন, নিভৃতে নিজের সঙ্গে বসলে পুরোনো বিষয়গুলোর হিসাব-নিকাশ তাকে পীড়া দেয়। তবে অতীতের অনেক কিছু চাইলেও আর পরিবর্তন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।’

সাক্ষাৎকারে শাকিব খানের ব্যক্তিজীবন নিয়েও ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করেন উপস্থাপক। বিশেষ করে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’

তাদের সঙ্গে দেখা হলে কখনো সতর্ক করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অতিরঞ্জিত সংবাদ নিয়েও নিজের বিরক্তির কথা জানান শাকিব খান। তার দাবি, বর্তমানে কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি অনেক সময় এমন ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে তার বাস্তবে কোনো সম্পর্ক নেই। এসব কারণে তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে পড়েছেন বলেও জানান।

তবে ব্যক্তিজীবনের নানা আলোচনা-সমালোচনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান এই তারকা। আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও বেশ আশাবাদী তিনি। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

জীবনের বাকি সময়টা কীভাবে কাটাতে চান—এমন প্রসঙ্গে শাকিবের বক্তব্য, এখন থেকে জীবনের সময়গুলো আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান তিনি।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!