বৈরী আবহাওয়া, টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে শুধু চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন বুধবারের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
গত দুই দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি সড়ক, রেল ও বিমান যোগাযোগও ব্যাহত হয়েছে।

