ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি, ধরতে পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:৩৬ এএম

গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি, ধরতে পুলিশের বিশেষ অভিযান

ছবিঃ সংগৃহীত

গাজীপুরে কারাগার থেকে নারী কয়েদি পালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে ডাকাতি মামলার এক আসামি। আদালতে হাজির করার প্রস্তুতিকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর মহানগর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম সম্রাট (২৭)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা। গ্রেপ্তারের পর তাকে থানায় রাখা হয় এবং সোমবার আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তার হাত তুলনামূলক চিকন হওয়ায় সে হাতকড়া থেকে হাত বের করতে সক্ষম হয়।

ওসি বলেন, "আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতির সময় সে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তাকে আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।"

এদিকে, ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ডাকাতি মামলার আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি জানার পরপরই একাধিক টিমকে মাঠে নামানো হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, "পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে আটক করা সম্ভব হবে। পাশাপাশি কীভাবে সে পালিয়ে যেতে সক্ষম হলো, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।"

সম্প্রতি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই আদালত প্রাঙ্গণ থেকে আরেক আসামির পালিয়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানিয়েছে, পলাতক সম্রাটকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক আজ ও আগামীকাল

অপরাধ থেকে আরও পড়ুন

banner
Link copied!