ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:০১ পিএম

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ছবিঃ সংগৃহীত

 পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস স্টেশনে প্রবেশের আগেই ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। দ্রুত লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক করা হয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—

  • বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার
  • বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ
  • বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম
  • বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর

রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!