ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

আজ পর্দা নামছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’: সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১০:৪৯ এএম

আজ পর্দা নামছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’: সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। আর বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এ ম্যাচে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।

এরপর প্রধানমন্ত্রী বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করবেন। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতার থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপভোগ করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। পরে বক্তব্য দেবেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী।

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। এরপর দেশের সব উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের আসরে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্বে জায়গা করে নেয়, যা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

বিকেএসপিতে গড়ে তোলা হবে ভবিষ্যতের তারকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনে অসাধারণ নৈপুণ্য দেখানো ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং দেশের তৃণমূল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়াবিদ তৈরি করার একটি জাতীয় উদ্যোগ।

তাদের মতে, প্রযুক্তিনির্ভর জীবনধারা থেকে শিশুদের মাঠমুখী করা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!