ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

সদরকে ৩-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা ঈশ্বরদীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:০১ পিএম

সদরকে ৩-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা ঈশ্বরদীর

ছবিঃ সংগৃহীত

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ঈশ্বরদী উপজেলা দল।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা দল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নতুন খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নির্ধারিত ৯০ মিনিটের রোমাঞ্চকর ম্যাচে ঈশ্বরদী উপজেলা দল ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় জেলা প্রশাসন, ক্রীড়া সংগঠক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার দল অংশ নেয়। আয়োজকরা জানান, জেলার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!