ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:৪৪ পিএম

বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগ

ছবিঃ সংগৃহীত

সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

বুধবার (৮ জুলাই) সকালে শিবালয় উপজেলার নবগ্রামে অবস্থিত চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ৩০০ শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ উথলী-পাটুরিয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ৭ এপ্রিল ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশ হলেও কারখানা কর্তৃপক্ষ এখনো তা বাস্তবায়ন করেনি। বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানানোয় কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়া কারখানার কয়েকজন কর্মকর্তার দুর্ব্যবহারের অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।

শ্রমিকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী বেতন সমন্বয় না করায় তারা আর্থিক সংকটে পড়েছেন। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলমান ছিল এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!