ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৪:২৫ পিএম

আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

কোনো পূর্বঘোষিত সূচি ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে মহড়া ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং নেন। এ সময় তিনি সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া, যুদ্ধকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহ দেন। পরে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের সঙ্গে একই খাবার গ্রহণ ও চা পান করেন।

সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!