ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, দেশে গড়ে উঠবে দক্ষ মানবসম্পদ: আইসিটি মন্ত্রী সাব-হেডিং:

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৪:১৫ পিএম

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, দেশে গড়ে উঠবে দক্ষ মানবসম্পদ: আইসিটি মন্ত্রী  সাব-হেডিং:

ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ জুলাই) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম চালিকাশক্তি। তাই নতুন বাংলাদেশ গঠনে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ প্রায় সব ক্ষেত্রেই এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।

ফকির মাহবুব আনাম জানান, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাবগুলো গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এসব ল্যাব শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবন এবং গবেষণাভিত্তিক নতুন উদ্যোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে সারা দেশে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে সরকার ও আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে অত্যাধুনিক এআই গবেষণা ল্যাবের উদ্বোধন করা হয়, যেখানে উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউসমৃদ্ধ কম্পিউটার স্থাপন করা হয়েছে। এই ল্যাবে গবেষকরা বাস্তব সমস্যার সমাধান, এআই এজেন্ট উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবেন।

পরে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এ অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ছয়টি ক্যাটাগরিতে ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

দৈনিক আজ ও আগামীকাল

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরও পড়ুন

banner
Link copied!