সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রবাসী পাকিস্তানি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, নিহত পাঁচজনই খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা। তারা হলেন— মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির ও মুহাম্মদ রুস্তম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ এবং দুর্ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস। দূতাবাস এক বিবৃতিতে জানায়, তাদের কর্মকর্তারা সৌদি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং নিহতদের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
দূতাবাস আরও জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে নাকি পাকিস্তানে পাঠানো হবে—সে বিষয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে কর্মরত দক্ষিণ এশীয় শ্রমিকদের বড় একটি অংশ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থাকায় কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ ব্যবহারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

