ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

menu

কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল হামলা, আহত কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১২:০৬ পিএম

কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল হামলা, আহত কনস্টেবল

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখানে দায়িত্ব পালনরত ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হন।

বিস্ফোরণের ফলে এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হামলায় জড়িত অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় ঝটিকা মিছিলটি বের করা হয় বলে দাবি করা হচ্ছে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাকে কেন্দ্র করে কুর্মিটোলা ও বিমানবন্দর সড়ক এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন এবং তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার বিষয়টি এখনো যাচাই-বাছাই করছে পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
 

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!