দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (২২ আগস্ট) সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গার্ড অব অনার
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করবেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেবে।
এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
নিরাপত্তার চাদরে জাতীয় স্মৃতিসৌধ এলাকা
রাষ্ট্রপতির প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণ, প্রবেশপথ এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রাষ্ট্রপতির যাতায়াতের পথ, স্মৃতিসৌধের মূল বেদি ও আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনাও নেওয়া হয়েছে।
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল। শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তার রাষ্ট্রীয় কর্মসূচির গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কার্যক্রমের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে।

