ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

মুক্তিযুদ্ধকে খাটো করে পতিত স্বৈরাচারকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে: রিজভী

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ১২:৩৮ পিএম

মুক্তিযুদ্ধকে খাটো করে পতিত স্বৈরাচারকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে: রিজভী

ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে পতিত স্বৈরাচারকে রাজনৈতিকভাবে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, “রাজনৈতিক একটি দল ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে। তবে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপব্যাখ্যা জনগণ মেনে নেবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, পতিত স্বৈরাচার আমলে বিএনপি ও এর নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। গুম, মামলা, হামলা ও গ্রেপ্তারের পাশাপাশি বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা সহ্য করতে হয়েছে। এরপরও বিএনপি রাজপথ থেকে সরে যায়নি।

তিনি বলেন, “সন্তান হারানোর এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়েও বিএনপি পিছু হটেনি। শত নির্যাতনের মুখেও দলটি রাজপথে থেকে টিকে ছিল।”

আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, কোকো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এরপরও তৎকালীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল তাকে। রাজনৈতিক পরিচয়ের কারণে তার ওপরও নানা ধরনের চাপ ও নির্যাতন নেমে এসেছিল বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী মানুষ। রাজনীতির বাইরে থেকেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দেশের শান্তি, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!