ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

হাসির আড়ালে বেদনা, তাহসিনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৫:৩৯ পিএম

হাসির আড়ালে বেদনা, তাহসিনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে হাজারো শিশুর ভিড়ে এক কিশোরের উচ্ছ্বসিত হাসি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। স্কুলড্রেস পরা সেই কিশোর দুই হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকিয়ে যে নির্মল হাসি উপহার দিয়েছিল, তা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরে জানা যায়, সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডির গল্প।

ছবির সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। মাত্র এক বছর আগে, ২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিজের সবচেয়ে প্রিয় মানুষ—বড় বোন তাসনিয়াকে হারায় সে।

পরিবারের সদস্যরা জানান, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়লেও সেদিন দুই ভাইবোন আলাদা ভবনে ছিল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে বড় বোনকে খুঁজতে বের হয়। আহতদের জন্য স্যালাইন ও পানির প্রয়োজন শুনে নিজের হাতে সেগুলো নিয়ে ছুটে যায়। কিন্তু প্রিয় বোন আর ফিরে আসেনি।

দুর্ঘটনার পর থেকে তাহসিনের স্বাভাবিক জীবনযাত্রা বদলে যায়। হাসিখুশি ছেলেটি হয়ে পড়ে অনেকটাই নীরব। মানসিক আঘাত কাটিয়ে ওঠার একটি বিশেষ হিলিং সেশনে সে নিজের অনুভূতি লিখেছিল—
“আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। সে মারা গেছে। ওকে আমি অনেক অনেক মিস করি। ও আমার বেস্ট ফ্রেন্ড।”

পরিবারের ভাষ্য অনুযায়ী, সেই ঘটনার পর তার মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর খুব একটা দেখা যেত না।

আর্মি স্টেডিয়ামে বদলে যাওয়া এক মুহূর্ত

গত ২৭ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠ প্রদক্ষিণ করার সময় শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। ঠিক তখনই প্রধানমন্ত্রীকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাহসিন। দুই হাত বাড়িয়ে তার প্রাণখোলা হাসির মুহূর্ত ক্যামেরাবন্দি হয় এবং অল্প সময়েই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ছবিটি দেখার পর অনেকেই কিশোরটির হাসির প্রশংসা করেন। পরে প্রধানমন্ত্রী জানতে পারেন, ছবির হাসিমাখা মুখটির পেছনে রয়েছে এক গভীর বেদনার ইতিহাস।

খোঁজ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তাহসিনের পারিবারিক ট্র্যাজেডির কথা জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিনি নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। বর্তমানে সে সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে। পরিবারে তার আরও একটি ছোট বোন রয়েছে, যে বর্তমানে নার্সারিতে পড়ে।

স্বপ্ন শুনলেন প্রধানমন্ত্রী

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত আগ্রহ সম্পর্কে জানতে চান।

জবাবে তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায়। পাশাপাশি এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করে বলেন, লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনা, খেলাধুলা এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি তাহসিনকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে উৎসাহ দেন।

আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল।

উপহার পেয়ে আনন্দিত তাহসিন

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোন সেট তাহসিনের হাতে তুলে দেন।

উপহার পেয়ে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা হবে—এমনটি সে কখনো কল্পনাও করেনি। পুরো ঘটনাটি তার কাছে ছিল এক আনন্দময় চমক।

সে আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। তাই তার মোটেও ভয় বা অস্বস্তি লাগেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগও হয় তার। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা দেখে সে মুগ্ধ হয় এবং বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্মরণীয় একটি সেলফিও তোলে।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। বিশেষ করে তাহসিনের বাবা নাজমুল হকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, এমন শোক কোনো পরিবারের জন্যই সহজ নয়। তবে নতুন প্রজন্মকে সাহস, শিক্ষা ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!