আর্থিক সম্পৃক্ততা থাকবে না সরকারের; শিক্ষামূলক বই প্রদর্শনী, কুইজ ও পুরস্কারের ব্যবস্থা রাখতে হবে।
সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির (এফইটি) উদ্যোগে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। তবে কার্যক্রম পরিচালনায় তিনটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামেলার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। এছাড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কুইজ, প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে শিক্ষামেলা আয়োজনের সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

