ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
এবারের নির্বাচনে কেবল ফাইন্যান্স ডাইরেক্টর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আবুল কালাম আজাদ ১৭ ভোট পেয়ে বর্তমান ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল খানকে ২ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন। হেলাল খান পান ১৫ ভোট।
অন্যদিকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর জেনারেল, ডেপুটি ডাইরেক্টর জেনারেল এবং মেম্বারশিপ ডাইরেক্টরসহ অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্টরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন— সভাপতি মহিব চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডাইরেক্টর জেনারেল আবদুল মুমিন, ফাইন্যান্স ডাইরেক্টর আবুল কালাম আজাদ এবং মেম্বারশিপ ডাইরেক্টর মোস্তফা আহমেদ লাকি।
নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিবিসিসিআইর ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মহিব চৌধুরী সহকর্মীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর চেম্বার গড়ে তুলতে কাজ করবেন।
ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, এই নির্বাচন বিবিসিসিআইর জন্য নতুন যাত্রার সূচনা। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যসেবার মান উন্নত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে নতুন কমিটি কাজ করবে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ জাজ নজরুল খসরু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী এবং কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান। ফলাফল ঘোষণার সময় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বিবিসিসিআই যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

