অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের প্রধান মুফতি ও খতিব শেখ মোহাম্মদ হুসেইনের ওপর এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১০ জুলাই) আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি শেষে ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হলেও আগামী এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ফিলিস্তিনি ধর্মীয় নেতাদের বিরুদ্ধে একাধিকবার এমন প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইলি প্রশাসন।
এদিকে, একই দিনে কঠোর নিরাপত্তা ও নানা বিধিনিষেধ উপেক্ষা করে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেন।
ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু জুন মাসেই ইসরাইলি বাহিনী অন্তত ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান ও অনধিকার প্রবেশ করেছে। একই সময়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর পাহারায় মাগরিবি গেট দিয়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি বসতি স্থাপনকারী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন, যা আল-আকসার পবিত্রতা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ এই নিষেধাজ্ঞার ঘটনায় ওই উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

