ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তেহরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইডিএফের এক কর্মকর্তা বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে সাম্প্রতিক উত্তেজনায় তারা বিস্মিত নয়, কারণ ইরান যুক্তরাষ্ট্রের উত্থাপিত দাবিগুলো মেনে নেবে না বলেই তাদের ধারণা।
তিনি বলেন, “ইরানের যেকোনো পরিস্থিতির জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। গতকাল ও তার আগের দিনের মতোই আমাদের সতর্কতা ও প্রস্তুতির মাত্রা অপরিবর্তিত রয়েছে।”
ওই কর্মকর্তা আরও জানান, প্রয়োজন হলে আক্রমণাত্মক কিংবা প্রতিরক্ষামূলক—উভয় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরায়েলের রয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, বর্তমানে ইরান-সংক্রান্ত আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক যে সামরিক অভিযান পরিচালিত হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, পরিস্থিতির যেকোনো পরিবর্তনের সঙ্গে দ্রুত সাড়া দেওয়ার জন্য তাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

