ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বিশ্বের বৃহত্তম চার ব্যাংকই এখন চীনের, শীর্ষ ১০-এ সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৪১ এএম

বিশ্বের বৃহত্তম চার ব্যাংকই এখন চীনের, শীর্ষ ১০-এ সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক

ছবিঃ সংগৃহীত

সম্পদের (অ্যাসেট) আকারের বিচারে বিশ্বের সবচেয়ে বড় চারটি ব্যাংকের মালিক এখন চীন। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে সাতটিই চীনের এবং সবগুলোই দেশটির সরকারের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আন্তর্জাতিক সাময়িকী দ্য ব্যাংকার–এর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের শীর্ষ চার ব্যাংক হলো—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (ICBC), চায়না কনস্ট্রাকশন ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না এবং ব্যাংক অব চায়না। তালিকার পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপিমরগ্যান চেজ।

টিয়ার-ওয়ান মূলধনের ভিত্তিতে তৈরি এই তালিকায় প্রথমবারের মতো পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম অবস্থানে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত চীনা ব্যাংকগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৫৪ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে একই তালিকায় থাকা মার্কিন ব্যাংকগুলোর মোট সম্পদের পরিমাণ ২৫ ট্রিলিয়ন ডলার।

তবে মুনাফার গুণগত মান ও পরিচালন দক্ষতার ক্ষেত্রে এখনও এগিয়ে রয়েছে মার্কিন ব্যাংকগুলো। যদিও শীর্ষ এক হাজার ব্যাংকের মধ্যে চীনা ব্যাংকগুলোর সম্মিলিত কর-পূর্ব মুনাফা ৩৯২ বিলিয়ন ডলার, যা মার্কিন ব্যাংকগুলোর ৩২৮ বিলিয়ন ডলার কর-পূর্ব মুনাফার চেয়ে বেশি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ানো, বিকল্প আন্তঃসীমান্ত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আর্থিক প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই চীনের ব্যাংকিং খাত দ্রুত বিস্তৃত হচ্ছে।

দ্য ব্যাংকার–এর প্রধান সম্পাদক সিলভিয়া পাভোনি বলেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও চীনের বৃহৎ ব্যাংকগুলো তাদের আধিপত্য ধরে রেখেছে। আন্তর্জাতিক পর্যায়ে ইউয়ানের বিস্তার এবং চীনা ব্যাংকগুলোর সম্প্রসারণ ভবিষ্যতে প্রবৃদ্ধি ও মুনাফার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!