চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে কোনো মানুষ যেন সর্বস্ব না হারায়, সে লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের আমারি হোটেলে স্বাস্থ্যবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মানুষ বর্তমানে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ নিজেরাই বহন করেন, যা অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। তাই এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার ব্যয় মানুষের জন্য আর্থিক বিপর্যয়ের কারণ হবে না এবং মানসম্মত স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে।
তিনি বলেন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টিসহ বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, অসংক্রামক রোগের বিস্তার, জনসংখ্যার বার্ধক্য, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়ন স্বাস্থ্য খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব সমস্যা মোকাবিলায় নতুন চিন্তা, কার্যকর পরিকল্পনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

