ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০২:৪৪ পিএম

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর থেকে ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতে ছিলেন।

বৃহস্পতিবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এর আগে, গত সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ২০১৩ সালে সংঘটিত শাপলা চত্বরের অভিযানের পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন। এ অভিযোগের ভিত্তিতেই তাকে মামলার আসামি করা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা হবে।

উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

রাজনীতি থেকে আরও পড়ুন

banner
Link copied!