ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

মঞ্চে হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, ‘এমন অভিজ্ঞতা কখনও হয়নি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৫:১৪ পিএম

মঞ্চে হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, ‘এমন অভিজ্ঞতা কখনও হয়নি’

ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। মঞ্চে পারফর্ম করার সময় দর্শকসারির দিক থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে সংগীতপ্রেমী ও শোবিজ অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী ঘটনার প্রতিবাদ জানিয়ে শিল্পীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন হাসান। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি।

হাসান লিখেছেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনও দেখিনি বা ভাবিনি।’

তবে ঘটনার জন্য কাউকে কঠোরভাবে দোষারোপ না করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন—এমন অনুরোধ জানিয়ে হাসান বলেন, কনসার্টে আসা দর্শকদের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশেরই মানুষ এবং সবার জন্যই গান করেন। বিনিময়ে তারা কেবল দর্শকের ভালোবাসা প্রত্যাশা করেন।

তিনি আরও লেখেন, ‘কোনও শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীকে রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করার আহ্বানও জানিয়েছেন হাসান। তার মতে, একজন শিল্পী নির্দিষ্ট কয়েক বছরের জন্য শিল্পী নন; শিল্পী হিসেবে তার পরিচয় আজীবনের।

হাসান বলেন, ‘বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনও রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।’

তিনি আরও বলেন, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং অনুষ্ঠানে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আয়োজক ও দর্শক—সবার দায়িত্ব।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের নিরাপত্তা, কনসার্টের শৃঙ্খলা এবং রাজনৈতিক মতাদর্শের বাইরে শিল্পীদের মূল্যায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!