ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান, পূর্ণাঙ্গ ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠায় সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৪৩ পিএম

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান, পূর্ণাঙ্গ ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠায় সংসদে বিল

ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের প্রত্যাশার পর প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে বগুড়া। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে বগুড়ায় একটি আধুনিক ও বহুমুখী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি তৈরি হবে এবং সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে।

মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে ২০০১ সালে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করা হলেও সেটি কখনো বাস্তবায়িত হয়নি। ওই বছরের ১৫ জুলাই আইনটি গেজেট আকারে প্রকাশিত হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি।

শিক্ষামন্ত্রী সংসদে জানান, বর্তমান সরকার সেই দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। নতুন আইন কার্যকর হলে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ বাতিল হয়ে যাবে।

প্রস্তাবিত আইনে বগুড়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসা বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে।

সরকারের মতে, এ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তব চাহিদা বিবেচনায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাবিদদের মতে, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের রাজধানী বা অন্যান্য জেলায় উচ্চশিক্ষার জন্য নির্ভরতা অনেকটাই কমবে। একই সঙ্গে গবেষণা, উদ্ভাবন, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিলটি সংসদে পাস হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, প্রশাসনিক কাঠামো গঠন এবং একাডেমিক কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!