প্রায় ৭০০ বছরের প্রথা ভেঙে দ্বিতীয় বারের মতো প্রকাশ্যে শুরু হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স (ডেগচি) খুলে এই কার্যক্রম শুরু হয়।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির তত্ত্বাবধানে দানবাক্স থেকে টাকা বের করে গণনার কাজ পরিচালিত হচ্ছে।
এর আগে গত ২২ জুন ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের চারটি দানবাক্স এবং জেলা প্রশাসনের স্থাপন করা আরও চারটি—মোট আটটি দানবাক্স ডাবল লক অবস্থায় খোলা হয়। ওই দিন নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়।
এছাড়া জেলা প্রশাসনের তহবিল থেকে তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ফলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
পরে পুরো অর্থ হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার হিসাবে জমা দেওয়া হয়।

