ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

পাবনায় ডিবির অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল তামার তার ও যন্ত্রাংশ

নিজস্ব প্রতিবেদক | পাবনা

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৬:৪৩ পিএম

পাবনায় ডিবির অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল তামার তার ও যন্ত্রাংশ

ছবিঃ সংগৃহীত

পাবনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার, ট্রান্সফরমারের কোর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত একাধিক অভিযানে সংঘবদ্ধ এই চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে ভেতরের মূল্যবান তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ খুলে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া আলামতগুলোর মধ্যে রয়েছে ট্রান্সফরমারের কোর প্লেট, বিপুল পরিমাণ তামার তার এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

পুলিশের ভাষ্য, ট্রান্সফরমার চুরির ফলে শুধু সরকারি সম্পদের ক্ষতিই হয় না, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ও কৃষি উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সম্পদ রক্ষা এবং সংঘবদ্ধ অপরাধ দমনে তারা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। ট্রান্সফরমার চুরি, বিদ্যুতের অবকাঠামো নাশকতা এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!