ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

২৭ জুলাই শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন, শুরু হচ্ছে বিচার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১১:১৮ এএম

২৭ জুলাই শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন, শুরু হচ্ছে বিচার কার্যক্রম

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর বহুল আলোচিত শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। একই দিন মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট এক ব্রিফিংয়ে তিনি জানান, তদন্ত সংস্থা মামলার তদন্ত কার্যক্রম শেষ করেছে এবং নির্ধারিত তারিখে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। প্রতিবেদন দাখিলের পরপরই ট্রাইব্যুনাল মামলার বিচারিক কার্যক্রম শুরু করবে।

চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। দীর্ঘ তদন্ত শেষে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে তদন্ত সংস্থা নিশ্চিত হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এ ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার পটভূমি, অভিযুক্তদের ভূমিকা, নিহতদের পরিচয় এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উপস্থাপন করা হবে।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযোগ আমলে নেওয়া, আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ার বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বহু প্রাণহানির অভিযোগ ওঠে। ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। দীর্ঘ তদন্ত শেষে এবার মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!